চীনের খাবার ডেলিভারি কর্মী ওয়াং জিবিং তার কবিতার জন্য লু শুন সাহিত্য পুরস্কার অর্জন করেছেন। এই পুরস্কারটি দেশটির অন্যতম মর্যাদাপূর্ণ সাহিত্য সম্মাননা। খবরটি প্রকাশ করেছে বিবিসি।
৫৬ বছর বয়সী ওয়াং ২০১৯ সাল থেকে খাবার ডেলিভারির কাজ করছেন। তিনি কাজের ফাঁকে কবিতা লেখেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন, যা ধীরে ধীরে জনপ্রিয়তা অর্জন করে। তার কবিতার সংকলন ‘লো ফ্লাইট’ ডেলিভারি কর্মীদের দৈনন্দিন সংগ্রাম ও জীবনের অভিজ্ঞতা তুলে ধরেছে, এবং এই বইয়ের জন্যই তিনি পুরস্কার লাভ করেন।
লু শুন সাহিত্য পুরস্কার চীনের আধুনিক সাহিত্যের জনক লু শুনের নামে নামকরণ করা হয়েছে। এটি চীনের অন্যতম সম্মানজনক সাহিত্য পুরস্কার হিসেবে বিবেচিত। ওয়াং দরিদ্র পরিবারের সন্তান হিসেবে কিশোর বয়সে পড়াশোনা ছেড়ে দেন এবং বিভিন্ন কাজ করেন। তবে লেখালেখির প্রতি তার আগ্রহ সব সময় ছিল।
গত এক দশক ধরে ওয়াং সামাজিক যোগাযোগমাধ্যমে তার কবিতা ও প্রবন্ধ প্রকাশ করে আসছেন। ২০২২ সালে তার লেখা ‘ম্যান ইন আ হারি’ কবিতাটি ব্যাপক জনপ্রিয়তা পায়। ২০২৩ সালে তার প্রথম কবিতার বই প্রকাশিত হয় এবং ২০২৪ সালে ‘লো ফ্লাইট’ বইটি প্রায় ২০০ জন ডেলিভারি কর্মীর অভিজ্ঞতা নিয়ে তৈরি করা হয়েছে।
পুরস্কার পাওয়ার পর ওয়াং চাকরি ছাড়ার পরিকল্পনা নেই। তিনি জানান, এই কাজ তাকে সাধারণ মানুষের জীবন কাছ থেকে দেখার সুযোগ দেয় এবং শারীরিকভাবে সক্রিয় রাখে। সাম্প্রতিক বছরগুলোতে চীনে শ্রমজীবী মানুষের লেখালেখি সাহিত্য অঙ্গনে বেশি গুরুত্ব পাচ্ছে।

























