দেশে আগামী কয়েক বছর স্থিতিশীলতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। তিনি আজ রোববার নিজের ফেসবুক আইডিতে একটি পোস্টে এ কথা বলেন।
মাহফুজ আলম বলেন, "দেশে আগামী কয়েক বছর স্থিতিশীলতা দরকার। বিনিয়োগকারী এবং অংশীজনের আস্থা দরকার। রাষ্ট্র পুনর্গঠনের জন্য এখন দোধারী লড়াই চালিয়ে নিতে হবে।" তিনি আস্থা ও স্থিতিশীলতা রক্ষা এবং জুলাইয়ের কাঙ্ক্ষিত রাষ্ট্র ও অর্থনীতির সংস্কার নিশ্চিত করার উপর গুরুত্ব দেন।
তিনি আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলের প্রসঙ্গ তুলে বলেন, "লীগের ১৬ বছর সন্ত্রাসের ক্ষত কাটিয়ে সৃজনশীল সামাজিক-রাজনৈতিক উল্লম্ফন দরকার।" মাহফুজ আলম সকল অনাহূত সংকট দূর করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সংগঠিত হওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, "বৈষম্যহীন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সংগঠিত হতে হবে। লড়ার সাথে সাথে গড়তেও হবে।"
মাহফুজ আলম সতর্ক করে বলেন, "রাষ্ট্র ভঙ্গুর/ফেইল্ড হলে জুলাইয়ের ছাত্র-জনতা পরাস্ত হবে। অন্যদিকে, রাষ্ট্র ফ্যাসিবাদী হলে জুলাইয়ের আকাঙ্ক্ষা বিপর্যস্ত হবে। আমাদের উচিত, কোনোটাই ঘটতে না দেওয়া।"























