রাজধানীর মহাখালীতে ডিবিসি নিউজের কার্যালয় থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে নিয়ে গেছে। একই সময়ে ডিবিসি নিউজের ক্রাইম চিফ ও জ্যেষ্ঠ প্রতিবেদক রাজীব ঘোষকেও ডিবি সদস্যরা সঙ্গে যেতে বলেন।
বুধবার (৪ নভেম্বর) এ ঘটনা ঘটে। ডিবিসি নিউজের একাধিক কর্মী বিষয়টি নিশ্চিত করেছেন। প্রতিষ্ঠানটির অ্যাসাইনমেন্ট এডিটর মুক্তাদির অনিক জানান, ইকবাল সোবহান চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে বলে জানা গেছে, তবে তার আটকের বিষয়টি নিশ্চিত নয়।
মুক্তাদির অনিক জানান, ইকবাল সোবহান চৌধুরীকে কেন নেওয়া হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তবে জুলাই আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া কোনো মামলার সূত্রে তাকে নেওয়া হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, রাজীব ঘোষকে নিয়ে যাওয়ার বিষয়টি সম্পর্কে মুক্তাদির অনিক বলেন, তাকে আটক করা হয়নি, বরং ডিবি সদস্যরা তার সঙ্গে কিছু বিষয়ে কথা বলতে চান। রাজীব ঘোষ দীর্ঘদিন ধরে ক্রাইম বিটে কাজ করছেন এবং পুলিশের বিভিন্ন পর্যায়ে তার পরিচিতি রয়েছে।
এ ঘটনায় ইকবাল সোবহান চৌধুরী ও রাজীব ঘোষকে নিয়ে যাওয়ার কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।























