তুরস্কের হরর সিনেমা ‘সয়’ আগামী ১৩ নভেম্বর বাংলাদেশে মুক্তি পাবে। স্টার সিনেপ্লেক্সের আয়োজনে দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি প্রদর্শিত হবে। তুর্কি টিভি সিরিজের জনপ্রিয়তার পর এবার দেশটির সিনেমাগুলোও আন্তর্জাতিক অঙ্গনে দর্শকদের আকৃষ্ট করছে।
ম্যাক্সিম আলেকজান্দ্রের পরিচালনায় নির্মিত এই সিনেমার গল্পটি পারিবারিক অভিশাপ, প্রাচীন মিসরীয় রহস্য এবং একটি রহস্যময় প্রাসাদকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। সিনেমার কাহিনী শুরু হয় প্রায় ৬০ বছর আগে মিসরের একটি প্রাচীন সমাধি লুণ্ঠনের ঘটনা দিয়ে।
গল্পে মুরাত নামের এক ব্যক্তি একটি প্রাচীন চিত্রকর্ম খুঁজে পান, যা পাওয়ার পরই এক ভয়ংকর অভিশাপের সূত্রপাত ঘটে। এর ফলে মুরাত পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে ইস্তাম্বুলের একটি অন্ধকার প্রাসাদে বন্দিজীবন কাটাতে বাধ্য হন।
বহু বছর পর, মৃত্যুশয্যায় থাকা মুরাত তার নাতি ক্যানকে সেই প্রাসাদে ডেকে পাঠান। ক্যান প্রেমিকা বাসাক ও কয়েকজন বন্ধুকে নিয়ে প্রাসাদে হাজির হন। কিন্তু সেখানে পৌঁছানোর পর পরিস্থিতি বদলে যেতে থাকে। ঘন কুয়াশায় বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে প্রাসাদটি।
এখানে একের পর এক পরিবারের অতীতের অন্ধকার ইতিহাস সামনে আসতে থাকে। প্রাসাদের সঙ্গে জড়িয়ে থাকা প্রাচীন মিসরের ভয়ংকর অভিশাপ আবারও জেগে ওঠে অভিশপ্ত চিত্রকর্মের মাধ্যমে।
সিনেমার কাহিনী বিশ্বাসঘাতকতা, অবিশ্বাস এবং অতিপ্রাকৃত আক্রমণের মধ্য দিয়ে এগিয়ে যায়। শেষ পর্যন্ত বাসাককে এমন এক কঠিন সিদ্ধান্ত নিতে হয়, যার ওপর নির্ভর করছে পুরো পরিবারের ভবিষ্যৎ।
‘সয়’ সিনেমার অন্যতম আকর্ষণ হলো প্রাচীন মিসরীয় অভিশাপ, রহস্যময় প্রাসাদ এবং বংশপরম্পরায় বয়ে চলা অশুভ শক্তির উপস্থিতি। নির্মাতা প্রচলিত জিন-নির্ভর ভৌতিক গল্পের বাইরে গিয়ে মিসরীয় রহস্য ও পারিবারিক গোপন ইতিহাসকে আধুনিক তুর্কি গল্পের সঙ্গে মিশিয়েছেন।
মনস্তাত্ত্বিক ভয়, রহস্য ও টানটান উত্তেজনার সমন্বয়ে নির্মিত সিনেমাটি হররপ্রেমী দর্শকদের আগ্রহ তৈরি করবে বলে আশা করা হচ্ছে।
























