ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। গত শুক্রবার (৩ জুলাই) অনুষ্ঠিত এই পরীক্ষায় প্রায় সাড়ে তিনশ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রশ্নপত্রের মধ্যে উল্লেখযোগ্য ছিল ‘যে জঙ্গল কেটে ফেলা হচ্ছে, তার পাখিদের কথোপকথন’ এবং ‘ঈশ্বরকে যদি গুটি কয়েক প্রশ্ন করার সুযোগ পেতে…’।
বিভাগটির অধ্যাপক ড. বরেন্দু মণ্ডল জানান, এই প্রশ্নগুলো শিক্ষার্থীদের সৃজনশীলতা এবং গভীর অনুভবের প্রকাশ বোঝার জন্য তৈরি করা হয়েছে। তিনি বলেন, “আমরা চাই, শিক্ষার্থী নিজের ভাষায় তার মনের কথা বলুক। কতটা সে দেখাতে পারবে, সেটাই আমাদের কাছে বিচার্য।”
প্রশ্নগুলো বিভাগের সকল শিক্ষকের সমন্বয়ে তৈরি করা হয়। তারা নিজেদের মতো করে বিভিন্ন প্রশ্ন তৈরি করেন এবং সেখান থেকে নির্বাচিত প্রশ্নগুলো ভর্তি পরীক্ষায় অন্তর্ভুক্ত করা হয়। ড. মণ্ডল আরও বলেন, “আমরা চেষ্টা করি ছাত্রছাত্রীরা যাতে তাদের মতো করে লিখতে পারে। আমাদের উদ্দেশ্য হলো তাদের ভাবনার ক্ষমতা মূল্যায়ন করা।”
বিশ্ববিদ্যালয়টি মনে করে, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় যেসব শিক্ষার্থী মেধাবী, তাদের মধ্যে যারা লেখার ক্ষমতা এবং সৃজনশীল চিন্তা প্রকাশ করতে সক্ষম, তাদের বেছে নেওয়া হয়। ড. মণ্ডল বলেন, “একজন ছাত্রছাত্রীর মধ্যে যে গভীর অনুভব লুকিয়ে থাকে, আমরা সেই অনুভবের প্রকাশটাকেই বুঝতে চাই।”


























