বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২০২৭-২০২৮ সেশনের জন্য ৭৭টি জেলা ও মহানগরে নবনির্বাচিত আমিরদের নাম ঘোষণা করা হয়েছে। বুধবার রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এই নাম ঘোষণা করেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
নতুন নির্বাচনে ২০টি জেলা ও চারটি মহানগরে আমির পদে পরিবর্তন এসেছে, তবে বাকি শাখাগুলোতে আগের দায়িত্বশীলরাই পুনর্নির্বাচিত হয়েছেন। দলীয় সূত্র জানায়, গঠনতন্ত্র অনুযায়ী দুই বছর মেয়াদে জেলা ও মহানগর আমির নির্বাচনের জন্য গত ৯ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত গোপন ব্যালটে ভোটগ্রহণ করা হয়।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুমের নেতৃত্বে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন এই ভোটগ্রহণ পরিচালনা করে। প্রতিটি জেলা ও মহানগরের নির্বাচনের জন্য আলাদা প্রিসাইডিং অফিসার নিয়োগ দেওয়া হয়।
নবনির্বাচিত আমিরদের শপথ অনুষ্ঠান বৃহস্পতিবার থেকে শুরু হবে। জামায়াত আমিরের প্রতিনিধি হিসেবে দলের অঞ্চল পরিচালকরা সংশ্লিষ্ট জেলা ও মহানগরে রুকন বা দায়িত্বশীলদের বৈঠকের মাধ্যমে শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন।
এছাড়া কুমিল্লা মহানগরে ভোটগ্রহণ এবং জামালপুর জেলায় ফল প্রকাশের পর্ব স্থগিত রয়েছে বলে জানা গেছে।

























