ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) স্কুল অব বিজনেস অ্যান্ড অন্ট্রপ্রনারশিপের ডিপার্টমেন্ট অব জেনারেল ম্যানেজমেন্ট বিভাগ আনুষ্ঠানিকভাবে ‘সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট’ মেজর চালু করেছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) আইইউবির ডিএমকে লেকচার গ্যালারিতে ‘সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট মেজর: বিল্ডিং অ্যাকাডেমিয়া অ্যান্ড ইন্ডাস্ট্রি’ শীর্ষক উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন আইইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দিদার এ হোসেইন, উপাচার্য অধ্যাপক ম. তামিম, আইইউবির উপ-উপাচার্য প্রফেসর ড. ড্যানিয়েল ডব্লিউ. লুন্ড এবং এসবিই এর ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. রাইসুল আওয়াল মাহমুদ।
বিশ্বখ্যাত সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ অধ্যাপক ড. মো. মামুন হাবিব প্যানেল আলোচনা পরিচালনা করেন। তিনি বর্তমান বৈশ্বিক ও প্রযুক্তিনির্ভর ব্যবসায়িক পরিবেশে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন শিল্পের প্রতিনিধিরা, যারা সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের বিবর্তন, চ্যালেঞ্জ এবং ক্যারিয়ার গঠনের জন্য প্রয়োজনীয় দক্ষতা নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে আইইউবির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ড. হোসনে আরা আলী, শিক্ষক, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।


























