সিরাজগঞ্জে পৃথক তিনটি মাদক মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অপর এক আসামিকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (৩১ আগস্ট) সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩ আদালতের বিচারক মো. নজরুল ইসলাম এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক লাইলা শারমিন পৃথক মামলার রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন সিরাজগঞ্জ পৌর এলাকার হোসেনপুর পুঠিয়াবাড়ি মহল্লার সোহেল রানা (৪৩), দিনাজপুরের মালা খাতুন (৫৬) এবং কুষ্টিয়ার জহুরুল হক লালন। এছাড়া মাদারীপুর জেলার নাসির উদ্দিনকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মামলার নথি অনুযায়ী, ২০২৩ সালের ১৬ ফেব্রুয়ারি সিরাজগঞ্জ শহরের হোসেনপুর তারকাটা মিল এলাকায় অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ সোহেল রানাকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে ২০ পিস বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার করা হয়। আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
অন্যদিকে, ২০২২ সালের ২২ জুলাই র্যাব সদস্যরা মালা খাতুনকে আটক করেন এবং তার কাছ থেকে ১২০ গ্রাম হেরোইন উদ্ধার করেন। আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
২০১১ সালের ২৩ জুলাই সিরাজগঞ্জ রোড গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে র্যাব ৫০০ গ্রাম হেরোইন ও দেশীয় অস্ত্র উদ্ধার করে। আদালত জহুরুল হক লালনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং নাসির উদ্দিনকে তিন বছরের কারাদণ্ড প্রদান করেন।

























