মাদ্রাসার শিক্ষার্থীদের মাদকাসক্ত হওয়ার অভিযোগ কেউ করতে পারবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রাজধানীর মিন্টো রোডে আজ বৃহস্পতিবার দুপুরে বিরোধীদলীয় নেতার বাসভবনে বিশ্বজয়ী হাফেজদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান দাবি করেন, মাদ্রাসার শিক্ষার্থীরা ইয়াবা বা গাঁজার মতো মাদক সেবন করে না এবং ব্যতিক্রমী ঘটনা ছাড়া কোনো মাদ্রাসাছাত্রের ঠোঁটে সিগারেটও দেখা যায় না।
এ সময় তিনি দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়েও কথা বলেন। তার অভিযোগ, জনস্বার্থ রক্ষায় সরকার ব্যর্থ হয়েছে এবং ১১ দল রাজপথে কর্মসূচি দিতে বাধ্য হচ্ছে সরকারের ব্যর্থতার কারণে।
তিনি বলেন, দেশ ও জনগণের অধিকার আদায়ে বিরোধী দল সংসদ ও রাজপথ-দুই জায়গাতেই সক্রিয় থাকবে। জামায়াত আমির সরকারের কওমি শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে যথেষ্ট আন্তরিকতা নেই বলেও অভিযোগ করেন।























