সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির বিভিন্ন সরকারি সংস্থার সমন্বিত অভিযানে ১৪ হাজার ১৬৫ জনকে আটক করা হয়।
রোববার (৬ সেপ্টেম্বর) সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যের বরাত দিয়ে গালফ নিউজ এ খবর জানিয়েছে। মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, গত ২৭ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত চলা অভিযানে গ্রেপ্তারদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ৭ হাজার ১২১ জন, সীমান্ত নিরাপত্তা আইন ভাঙার অভিযোগে ৩ হাজার ৬৩৬ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ৪০৮ জন রয়েছেন।
একই সময়ে ১২ হাজার ৩৬৩ জন অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া ১৮ হাজার ৯৩৭ জনকে ভ্রমণ নথি সংগ্রহের জন্য নিজ দেশের কূটনৈতিক মিশনে যোগাযোগ করতে বলা হয়েছে। আরও ৩ হাজার ২৪০ জনকে নিজ দেশে ফেরার টিকিটের ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় আরও ১ হাজার ৩১৫ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৫৮ শতাংশ ইথিওপিয়ার, ৪১ শতাংশ ইয়েমেনের এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, বর্তমানে সৌদিতে মোট ২৯ হাজার ৭৭৩ জন অভিবাসী অভিবাসন ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। সৌদি আইনে অবৈধভাবে দেশটিতে প্রবেশে সহায়তা করার অভিযোগে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।

























