নেপালে ভয়াবহ বন্যার ১০ দিন পর ৬৪ বছরের এক বৃদ্ধাকে জীবিত উদ্ধার করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) নুওয়াকোট জেলায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া একটি বাড়ি থেকে তাকে উদ্ধার করে নিরাপত্তা বাহিনী। তার নাম চান্দিকা কুমারী শ্রেষ্ঠ।
নেপালের নিরাপত্তা বাহিনীর সদস্যেরা এই উদ্ধারকে অলৌকিক বলে মনে করছেন। তারা জানান, বিপর্যয়ের ১০ দিন পর কাউকে জীবিত উদ্ধার করা যাবে এমন আশা তারা করেননি।
বন্যায় কাদামাটির স্তূপের নীচে চলে যাওয়া তার বাড়িটির উপরে ছিল কেবল চতুর্থ তলার একাংশ। নেপাল পুলিশ জানিয়েছে, কিছু দিন আগে সেখানেও তল্লাশি চালানো হয়েছিল, কিন্তু কাউকে খুঁজে পাওয়া যায়নি।
শনিবার বাড়িটির পাশ দিয়ে যাওয়ার সময় আচমকা খুব ক্ষীণ শব্দ শোনার পর উদ্ধারকারীরা কাদা সরানো শুরু করেন। চারতলার একটি জানলা ভেঙে হামাগুড়ি দিয়ে ভেতরে ঢোকার পর বৃদ্ধার গলার স্বর আরও স্পষ্ট হয়।
তাকে নেপালি সেনাবাহিনীর হেলিকপ্টারে করে রাজধানী কাঠমান্ডুতে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। উল্লেখ্য, ওই বৃদ্ধার পরিবারের কয়েকজন বিপর্যয়ের পর থেকে নিখোঁজ ছিলেন এবং পরিবারের জীবিত সদস্যরা তার শেষকৃত্যের আয়োজনও করে ফেলেছিলেন।

























