কিশোর গ্যাং প্রতিরোধে দেশের সব উপজেলায় নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সদস্য-সচিব হিসেবে থাকবেন থানার অফিসার ইনচার্জ (ওসি)।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান স্বাক্ষরিত এক জরুরি বার্তায় আজ সোমবার (১৯ অক্টোবর) এ তথ্য জানানো হয়েছে। এর আগে কিশোর গ্যাং কর্মকাণ্ড নিয়ে গত বুধবার (১৭ জুন) জাতীয় সংসদে আলোচনা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং এবং উঠান বৈঠকের মাধ্যমে জনসচেতনতা বাড়ানো হচ্ছে। মাদক নিয়ন্ত্রণ এবং কিশোর গ্যাং, চুরি, ছিনতাই ও রাহাজানি প্রতিরোধে বিশেষ অভিযান চালানো হচ্ছে।
মন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, কিশোর গ্যাং যাতে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে সক্রিয় হতে না পারে, সে লক্ষ্যে অনলাইন নজরদারি জোরদার করা হয়েছে। স্থানীয় বাসিন্দা, অভিভাবক, শিক্ষক এবং সমাজের নেতাদের সম্পৃক্ত করে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে।
তিনি আরও জানান, আধুনিক প্রযুক্তির ব্যবহার করে মাদক কারবারিদের শনাক্তকরণ এবং কিশোর গ্যাং সদস্যদের গ্রেপ্তারে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
























