রাজধানীর ভাটারা থানার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে মামা ও ভাগনির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মামীর স্ত্রী।
মঙ্গলবার (২১ জুলাই) ভোরে নতুন বাজারের ১০০ ফিট এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন মো. শাহীন (২৪) এবং তার ভাগনি হাফছা (৮)। শাহীনের স্ত্রী ফাহিমা আক্তার (২১) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
পরিবার ও প্রতিবেশীরা জানান, বিস্ফোরণে একই পরিবারের তিনজন মারাত্মকভাবে দগ্ধ হন। তাদের দ্রুত উদ্ধার করে সকাল সাড়ে ৫টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৩ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে শিশু হাফসার মৃত্যু হয়। এর ৬ ঘণ্টা পর, শুক্রবার (২৪ জুলাই) সকালে শাহীনও মারা যান।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, শাহীনের শরীরের ৫০ শতাংশ এবং হাফছার ৪০ শতাংশ দগ্ধ ছিল। ফাহিমার শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক।

























