ময়মনসিংহের গৌরীপুরের রামগোপালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সদস্য মো. জিএম সরকার জুয়েলকে স্বেচ্ছাসেবক দলের সভাপতি করার সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ভাইরাল হয়।
গত সোমবার রামগোপালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ৩নং ওয়ার্ড কমিটি ঘোষণা করা হয়, যেখানে জিএম সরকার জুয়েলকে সভাপতি ও মো. বাবু মিয়াকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের কমিটি গঠন করা হয়। এরপর থেকেই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ময়মনসিংহ উত্তর জেলা শাখা মঙ্গলবার (৩১ আগস্ট) জিএম সরকার জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ দেয়। নোটিশে তাকে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, একই দিনে ৭নং রামগোপালপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য জিএম সরকার জুয়েলকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক-১ উমর ফারুক স্বাধীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক ভাবমূর্তি নষ্ট করার অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছে।
সূত্র জানায়, জিএম সরকার জুয়েল বাংলাদেশ আওয়ামী নবীন লীগ গৌরীপুর পৌর শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি এর আগে ৭নং রামগোপালপুর ইউনিয়ন ছাত্রলীগের কর্মী ছিলেন।

























