ইরানে ইসরায়েলের অভিযান এখনও শেষ হয়নি বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি ইসরায়েলি সংবাদমাধ্যম আই২৪নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আমার নির্দেশনায় আমাদের সব ব্যবস্থা এই শাসনব্যবস্থাকে উৎখাতের জন্য কাজ করছে।’
নেতানিয়াহু জানান, ইরানের বর্তমান শাসনব্যবস্থাকে ধসিয়ে দেওয়াই তার উদ্দেশ্য। তবে সাম্প্রতিক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে ইসরায়েল সরাসরি জড়িত ছিল কি না, তা নিশ্চিত করেননি তিনি।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি সংবাদমাধ্যম কানকে দেওয়া এক ফোন সাক্ষাৎকারে বলেছেন, ইরানের সঙ্গে ফের যুদ্ধ শুরু হতে পারে; এ নিয়ে ইসরায়েলের উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজা জানিয়েছেন, ইহুদিদের ধর্মীয় উৎসবের মৌসুম শুরু হওয়ার আগে ইরান হামলা চালালে প্রচণ্ড শক্তি দিয়ে জবাব দেওয়ার প্রস্তুতি রয়েছে।
অন্যদিকে, ইয়েমেনের হুতি-নিয়ন্ত্রিত সরকার ইরানে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার ঘটনায় তেহরানের প্রতি সংহতি জানিয়েছে। তারা সতর্ক করেছে যে, মার্কিন বাহিনীকে তাদের ভূখণ্ডে অবস্থানের সুযোগ দেওয়া দেশগুলো পরিণতি ভোগ করবে।
























