হরমুজ প্রণালিতে সৌদি আরবের দুই ট্যাংকার জাহাজে হামলার ২৪ ঘণ্টার মধ্যে মার্কিন বিমান বাহিনী ইরানে নতুন সামরিক অভিযান শুরু করেছে। আজ মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১০টা থেকে এ হামলা শুরু হয়।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলার তথ্য নিশ্চিত করেছেন। তিনি মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় জানান, “আজ (মঙ্গলবার) পূর্বাঞ্চলীয় সময় দুপুর ১২টা (বাংলাদেশ সময় রাত ১০টা) থেকে মার্কিন বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) লক্ষ্যবস্তুতে আঘাত হানা শুরু করেছে।” ট্রাম্পের দাবি, আইআরজিসি সম্প্রতি হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ এবং মধ্যপ্রাচ্যে হামলা করেছে, যার প্রতিক্রিয়া হিসেবে এ অভিযান পরিচালিত হচ্ছে।
গতকাল সোমবার গভীর রাতে হরমুজ প্রণালিতে সৌদির দু’টি তেলবাহী সুপারট্যাংকার জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। ট্যাংকার দু’টিতে ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল ছিল।
এর আগে রোববার জর্ডানে যুক্তরাষ্ট্রের দু’টি বিমানবাহিনী লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছিল আইআরজিসি। তবে এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয় থাকার কারণে আইআরজিসির ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারেনি।
শনিবার রাতে হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন বিমান বাহিনী কর্তৃক আইআরজিসির কয়েকটি ক্ষেপণাস্ত্র লাঞ্চার স্থাপনা ধ্বংসের পর জর্ডানে এই হামলা চালানো হয়। প্রেসিডেন্ট ট্রাম্প সোমবার সাংবাদিকদের বলেছেন, ইরানের বিরুদ্ধে এবার ‘সীমিত মাত্রার’ সামরিক পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র।























