মুন্সিগঞ্জের সিরাজদিখানে জমিজমা নিয়ে বিরোধের জেরে এক বছর আগে বড় ভাইয়ের পা কেটে পঙ্গু করে দেওয়ার পর তার ছেলে ইলিয়াস মোল্লাকে হত্যা করার অভিযোগ উঠেছে একই পরিবারের বিরুদ্ধে।
নিহত ইলিয়াস মোল্লা মালয়েশিয়া প্রবাসী ছিলেন। দেশে ফেরার পর গত ১৯ জুন হামলার শিকার হয়ে পরদিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহতের পরিবারের অভিযোগ, ইলিয়াসের চাচা ইসহাক মোল্লার ওপর হামলা চালিয়ে তার ডান পা কেটে নেওয়া হলেও আসামিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
গতকাল বুধবার সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে (ক্র্যাব) এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন নিহত ইলিয়াস মোল্লার স্ত্রী লিপি বেগম। তিনি জানান, জমিজমা নিয়ে বিরোধের কারণে ইসহাক মোল্লার ওপর হামলা চালানো হয়েছিল এবং এতে তিনি স্থায়ীভাবে পঙ্গু হয়ে যান।
লিপি বেগম বলেন, গত ১৯ জুন ইলিয়াস তার পঙ্গু চাচা ইসহাককে হুইলচেয়ারে করে নিয়ে যাচ্ছিলেন। এ সময় হামলাকারীরা তাদের ওপর হামলা চালায়, যার ফলে ইলিয়াস গুরুতর আহত হন এবং পরে তার মৃত্যু হয়। এ ঘটনায় সিরাজদিখান থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
পরিবারের দাবি, মামলার আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তবে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।
























