ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক ভর্তি সার পাচারের সময় চান্দ্রা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি একেএম ইলিয়াস হাওলাদারকে (৫৫) আটক করেছেন স্থানীয়রা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে এ ঘটনায় ভাঙ্গা থানায় মামলা দায়ের হয়েছে। বুধবার দিবাগত গভীর রাতে মালিগ্ৰাম বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে।
গ্রেপ্তার একেএম ইলিয়াস হাওলাদার চান্দ্রা ইউনিয়নের সমেদ হাওলাদারের ছেলে এবং মেসার্স হাওলাদার ট্রেডার্সের স্বত্বাধিকারী। তিনি চান্দ্রা ইউনিয়নের বিসিআইসি ও বিএডিসি অনুমোদিত সারের ডিলার।
জানা গেছে, সম্প্রতি সারের নতুন ডিলার নিয়োগ হলেও একেএম ইলিয়াস হাওলাদার আওয়ামী লীগের সময় নিয়োগপ্রাপ্ত ছিলেন। বুধবার গভীর রাতে তিনি ২৫০ বস্তা সার ট্রাকে বোঝাই করে পার্শ্ববর্তী শিবচর উপজেলায় পাচারের চেষ্টা করছিলেন। স্থানীয় লোকজন ট্রাকটি আটক করে ৯৯৯ কল দেন।
পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি আটক করে। ভাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল মামুন জানান, সারের ডিলারের বিরুদ্ধে মামলা ও তার ডিলার বাতিলসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

























