কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় শনিবার (৩১ অক্টোবর) টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বৈদ্যুতিক লাইনের পাশের গাছপালা কর্তন ও বিদ্যুৎ লাইনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি এ সিদ্ধান্ত নিয়েছে।
সমিতির ঘোষণা অনুযায়ী, ৪ নম্বর ফিডারের আওতাধীন রাজারহাট (প্রপার) এলাকায় সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার বিষয়টি গ্রাহকদের আগাম জানাতে সংশ্লিষ্ট এলাকায় মাইকিং করে প্রচার চালানো হয়েছে। টানা আট ঘণ্টা বিদ্যুৎ না থাকায় রাজারহাট সদরের বাসিন্দাদের দৈনন্দিন জীবনযাত্রায় সাময়িক ভোগান্তির আশঙ্কা রয়েছে।
এছাড়া, ব্যবসাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি দপ্তরসহ বিভিন্ন প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রমও ব্যাহত হতে পারে। এ অবস্থায় গ্রাহকদের আগাম প্রস্তুতি নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি।


























