মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের রায়শ্রী এলাকায় মহিষবাহী পিকআপ ডাকাতির ঘটনায় ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম অভি ও ডাকাত দলের সর্দার জুমন মিয়াসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতদের মধ্যে দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তারা হলেন নজরুল ইসলাম অভি (২৬), মেহেদী হাসান মুন্না (২৬), জুমন মিয়া (২৬), রাহেল মিয়া (২৩) এবং সম্রাট মিয়া (২৮)। সকলেই মৌলভীবাজার সদর উপজেলার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর রাতে মো. শহীদ মিয়া নামের এক ব্যক্তি ব্রাহ্মণবাজার থেকে চারটি মহিষ কিনে পিকআপে বাড়ি ফিরছিলেন। রাত সাড়ে ১০টার দিকে রায়শ্রী এলাকায় তিনটি মোটরসাইকেলে আসা ডাকাতরা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে পিকআপটি ছিনতাই করে। এ ঘটনায় ১৯ অক্টোবর মামলাও দায়ের করা হয়।
মামলা দায়েরের পর পুলিশ তথ্যপ্রযুক্তি ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে খালি পিকআপটি উদ্ধার করে এবং পরে অভিযানের মাধ্যমে গ্রেফতারকৃতদের আটক করে। প্রাথমিক তদন্তে জানা যায়, ডাকাত দলের সর্দার জুমনের নেতৃত্বে এই চক্রটি দীর্ঘদিন ধরে ডাকাতি ও ছিনতাইয়ের সাথে জড়িত।
মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মো. মনিরুল ইসলামের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে পুলিশের একটি বিশেষ দল অংশ নেয়। ডাকাত দলের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


























