জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, ১৫-১৭ বছরের ময়লা চাইলেই সরিয়ে নেওয়া যাবে না। তিনি জানান, বিগত সময়ে দেশকে যে রসাতলে নেওয়া হয়েছে, তা আবার জাগিয়ে তুলতে সময় ও ধৈর্যের প্রয়োজন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) হবিগঞ্জ সার্কিট হাউজ মিলনায়তনে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ জি কে গউছ।
ডেপুটি স্পিকার আইনজীবী ফোরামের নেতৃবৃন্দের উদ্দেশে বলেন, সরকারি নিয়োগে বঞ্চিত আইনজীবীদের পর্যায়ক্রমে মূল্যায়ন করা হবে। তিনি আশা প্রকাশ করেন যে, সকল প্রত্যাশা একদিনে পূরণ হবে না, তবে আগামী দিনে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে পদগুলো পূরণ করা হবে।
তিনি আরও বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় এ অঞ্চলের মানুষের একাগ্রতা ছিল এবং আন্দোলন-সংগ্রামে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। স্থানীয় নেতাদের আইনের শাসন প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক স্থিতিশীলতা বজায় রাখতে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় জাতীয় সংসদের হুইপ জি কে গউছ বলেন, হবিগঞ্জ আইনজীবী সমিতি একটি ঐতিহ্যবাহী বার। বর্তমানে এখানে প্রায় ৮০০ আইনজীবী রয়েছেন, কিন্তু তাদের বসার পর্যাপ্ত জায়গা নেই। এ কারণে তিনি আইনজীবীদের জন্য নতুন ভবন নির্মাণের দাবি জানান।


























