গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও জয়পুরহাটের কালাই উপজেলার সীমান্তবর্তী একটি ধানক্ষেতে বসে থাকা অবস্থায় আওয়ামী লীগ নেতা হাজী মজনু সরকার (৪৮) কে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে তাকে আটক করা হয়।
গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালিব সরকার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক মজনু সরকার গোবিন্দগঞ্জের ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের আস্থাভাজন হিসেবে পরিচিত ছিলেন।
ওসি আরও বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে সীমান্ত এলাকা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় ডিবি পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে আটক করে। গোপন সংবাদের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
























