রংপুরের তারাগঞ্জে সড়কের ডিভাইডারে ধাক্কা লেগে এআর ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস উল্টে গেছে। এ ঘটনায় বাসটির হেলপার এনামুল হক নিহত হয়েছেন এবং অন্তত ২০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে রংপুর-সৈয়দপুর মহাসড়কের ইকরচালী বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহত এনামুল হক রংপুর সদর উপজেলার পাগলাপীর এলাকার বাসিন্দা। তার মরদেহ বর্তমানে তারাগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে নীলফামারীর ডোমার থেকে রংপুরগামী বাসটি ইকরচালী বাজারে পৌঁছালে ডিভাইডারে ধাক্কা খায়। দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধারকাজে এগিয়ে আসেন এবং পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
এক যাত্রী সুমন মিয়া জানান, তিনি ডোমার থেকে রংপুর নগরীতে যাওয়ার জন্য বাসে উঠেছিলেন। তারাগঞ্জ পার হওয়ার পর বাসটির গতি বেড়ে যায় এবং ইকরচালী বাজারে ঢোকার সময় ডিভাইডারে ধাক্কা লেগে বাসটি উল্টে যায়। তিনি প্রাণে বেঁচে গেছেন।
ঘটনার পর তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাব্বর হোসেন ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে যান। ইউএনও বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে এসেছি এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।
তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান, ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে এবং নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়েছে।


























