কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
গত মঙ্গলবার (২৭ অক্টোবর) ট্রাইব্যুনাল রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন। আসামিরা হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। চারজনই বর্তমানে পলাতক রয়েছেন।
প্রসিকিউটর গাজী এমএইচ তামীম জানান, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এর আগে আওয়ামী লীগের উচ্চপদস্থ নেতাদের বিরুদ্ধে সর্বোচ্চ সাজা দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষ আশা করছে, মাহবুব উল আলম হানিফসহ এই মামলার আসামিদেরও সর্বোচ্চ সাজা হবে।
তামীম অভিযোগ করেন, হানিফ আন্দোলন দমনে উসকানি ও সহায়তা করেছেন এবং রাজনৈতিক সিদ্ধান্তের মাধ্যমে ছাত্র-জনতার আন্দোলন দমনের চেষ্টা করেছেন। মামলায় আসামিদের বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে, যার মধ্যে আন্দোলন দমনে নির্দেশনা দেওয়ার বিষয়টি উল্লেখ রয়েছে।
মামলায় মোট ১৯ জন সাক্ষ্য দিয়েছেন এবং গত বছরের ৬ অক্টোবর রাষ্ট্রপক্ষ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। বিচারিক প্রক্রিয়া শেষে আজ মামলাটির রায় ঘোষণা করা হচ্ছে।

























