সিলেটের ওসমানীনগরে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতিকালে তিন কর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে উপজেলার দয়ামীর ইউনিয়নের কাশিকাপন তেরমাইল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক থেকে তাদের আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন, সাব্বির আহমেদ বিপ্লব (২৬), নাহিদ হাসান (২১) ও হৃদয় পাল (২০)। তারা সবাই সিলেট নগরীর বাসিন্দা। জেলা পুলিশ জানায়, শুক্রবার রাতে ওসমানীনগর থানাধীন দয়ামীর ইউনিয়নের কাশিকাপন তেরমাইল এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা মশাল মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন।
পুলিশের একটি টহল দল অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে আরও কয়েকজন পালিয়ে যান। আটক ব্যক্তিদের নিয়ে পালিয়ে যাওয়া অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।
এ বিষয়ে ওসমানীনগর থানার ওসি গোলাম মোস্তফা কালবেলাকে বলেন, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


























