রাজশাহীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশে অসংগতির অভিযোগ তুলে পুনর্মূল্যায়ন এবং সংশোধিত ফল প্রকাশের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টায় বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, রাজশাহী শহরের একটি পরীক্ষাকেন্দ্রের ২৩৮ শিক্ষার্থীর ফল প্রকাশ না হওয়া অস্বাভাবিক। তারা দাবি করেন, এটি ফল প্রস্তুতিতে বড় ধরনের কারিগরি বা প্রশাসনিক ত্রুটির ইঙ্গিত দেয়।
অভিভাবক ড. আজিবর রহমান লিখিত বক্তব্যে বলেন, সম্প্রতি প্রকাশিত ফলাফলে অসংগতির কারণে অনেক মেধাবী শিক্ষার্থী তাদের প্রাপ্য স্বীকৃতি থেকে বঞ্চিত হয়েছে। তিনি শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য এবং শিক্ষা ব্যবস্থার প্রতি জনসাধারণের আস্থা রক্ষার জন্য স্বচ্ছতা ও নির্ভুলতার ওপর জোর দেন।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থী মেহেজাবিন বর্ণ বলেন, তিনি ভালো পরীক্ষা দিয়েছেন এবং উত্তরপত্র পুনর্মূল্যায়নের মাধ্যমে বৃত্তি পাওয়ার আশা করছেন।
অভিভাবকরা সাত দফা দাবি উত্থাপন করেছেন, যার মধ্যে রয়েছে ফলাফলের অভিযোগের নিরপেক্ষ তদন্ত, উত্তরপত্র পুনর্মূল্যায়ন এবং সংশোধিত ফল দ্রুত প্রকাশের দাবি। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম আনোয়ার হোসেন জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে।


























