রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৬ জুলাই ‘ছাত্রলীগ মুক্ত দিবস’ উপলক্ষে বিজয় ২৪ হল সংসদের উদ্যোগে ‘দে ধাওয়া’ নামে একটি মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। ২০২৪ সালের এই দিনে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ক্যাম্পাস ত্যাগ করে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৪টায় শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিজয় ২৪ হলের সামনে এসে তাদের কর্মসূচি শেষ করেন। বিজয় ২৪ হলের আবাসিক শিক্ষার্থী ইমরান হোসেন বলেন, এই দিনে ধাওয়া দিয়ে বিশ্ববিদ্যালয়কে ছাত্রলীগমুক্ত করা হয়েছিল।
রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার জানান, দুই বছর আগে ছাত্রলীগ ক্যাম্পাসে ভয়ের পরিবেশ সৃষ্টি করেছিল, কিন্তু আজকের আয়োজনের মাধ্যমে সেই ঘটনার প্রতীকী উপস্থাপন করা হয়েছে। তিনি বলেন, আজ পর্যন্ত ছাত্রলীগ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাথাচাড়া দিয়ে ওঠার সাহস দেখাতে পারেনি।
বিজয় ২৪ হলের ভিপি রাসেল মিয়া বলেন, ২০২৪ সালের ১৬ জুলাই ছাত্রলীগকে বিতাড়িত করা হয়েছিল এবং আজকের আয়োজন সেই ঘটনার প্রতীকী পুনর্নির্মাণ। তিনি জানান, ম্যারাথনে ছাত্রলীগের তৎকালীন কয়েকজন নেতার প্রতীকী চরিত্র উপস্থাপন করা হয়েছে।


























