এইচএসসি ও সমমান পরীক্ষায় রসায়ন দ্বিতীয়পত্রের প্রশ্নপত্রে একাধিক ভুলের অভিযোগ উঠেছে। বুধবার (২২ জুলাই) অনুষ্ঠিত পরীক্ষায় সৃজনশীল ও বহুনির্বাচনী, উভয় অংশেই ভুল রয়েছে বলে দাবি করেছেন সংশ্লিষ্ট শিক্ষক ও পরীক্ষার্থীরা।
পরীক্ষার্থীরা জানান, এসব ভুলের কারণে তারা বিভ্রান্তি ও মানসিক চাপের মুখোমুখি হয়েছেন। বিশেষ করে যারা প্রশ্নগুলো সমাধান করতে সক্ষম ছিলেন, তারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন।
এর আগে, পদার্থবিজ্ঞান প্রথমপত্রের প্রশ্নপত্রে দুটি বড় ধরনের ভুল ধরা পড়ে এবং শিক্ষা মন্ত্রণালয় পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়ার ঘোষণা দেয়।
রসায়ন দ্বিতীয়পত্রের প্রশ্ন বিশ্লেষণ করে শিক্ষকরা জানান, সৃজনশীল প্রশ্নের ১ নম্বর উদ্দীপকের (II) অংশে বিক্রিয়ক থেকে চারটি উৎপাদ পাওয়া গেলেও কোনটির ভর ২ দশমিক ৫ গ্রাম উল্লেখ করা হয়নি। এছাড়া, ৫ নম্বর উদ্দীপকে ‘পাত্র-১’ উল্লেখ থাকলেও ‘গ’ ও ‘ঘ’ প্রশ্নে সেটিকে ‘A-পাত্র’ বলা হয়েছে, যা বিভ্রান্তির সৃষ্টি করেছে।
বহুনির্বাচনী অংশেও ভুলের অভিযোগ রয়েছে। যমুনা (ঘ) সেটের ১০ নম্বর প্রশ্নে কোনো সঠিক উত্তর নেই বলে দাবি করেছেন শিক্ষকরা। বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী ইমতিয়াজ নোমান জানান, প্রশ্ন সমাধান করতে গিয়ে বিভ্রান্তির শিকার হয়েছেন এবং অনেক সময় নষ্ট হয়েছে।
বাংলাদেশ বিজ্ঞান পরিষদের সভাপতি ও রসায়নের শিক্ষক আরিফ হক বলেন, প্রশ্নপত্রে ভুল নতুন নয় এবং এসব ভুল শিক্ষার্থীদের মানসিক চাপ বাড়ায়। তিনি জানান, প্রশ্নের ভুল শুধুমাত্র প্রশ্নপ্রণেতার নয়, পাঠ্যবই ও সিলেবাসের অসঙ্গতিও দায়ী।


























