বোর্ড পরীক্ষা শুরুর তিন দিন আগে মাকে হারানো ভোলার বোরহানউদ্দিন কামিল মাদ্রাসার শিক্ষার্থী মো. তানজীম জুনায়েদ বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করেছেন।
তানজীম বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের দক্ষিণ বাটামারা এলাকার হাওলাদার বাড়ির বাসিন্দা। তার বাবা ইদ্রিস মাস্টার এবং তিনি বাবা-মায়ের একমাত্র সন্তান।
পরিবারের সদস্যরা জানান, তানজীমের মায়ের স্বপ্ন ছিল তার ছেলের জিপিএ-৫ পাওয়ার। কিন্তু ফল প্রকাশের আগেই তিনি মারা যান, ফলে ছেলের সাফল্যের আনন্দ দেখার সুযোগ হয়নি।
মায়ের মৃত্যুর পর মানসিকভাবে বিপর্যস্ত হলেও তানজীম পড়াশোনা চালিয়ে যান। তিনি পরীক্ষার মাত্র তিন দিন আগে মাকে হারিয়ে শোকের মধ্যেই বোর্ড পরীক্ষায় অংশ নেন এবং কাঙ্ক্ষিত ফল অর্জন করেন।
তানজীম বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বোরহানউদ্দিন আলিয়া শাখার বায়তুল মাল সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার মা ইসলামী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এবং ইউনিয়ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন।
তানজীমের সাফল্যে পরিবার ও স্বজনদের মধ্যে আনন্দের পাশাপাশি বিষাদের ছায়া নেমে এসেছে। স্বজনরা তার মায়ের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং তানজীমের ভবিষ্যৎ সাফল্যের জন্য দোয়া চেয়েছেন।

























