চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোঃ আব্দুল মান্নান পদত্যাগ করেছেন। ছাত্রদল সেক্রেটারি আব্দুল্লাহ আল নোমানের হুমকির পর তিনি এই সিদ্ধান্ত নেন। সোমবার (৩১ আগস্ট) রাত ৮ টার দিকে তিনি পদত্যাগ করেন।
পদত্যাগের বিষয়ে অধ্যাপক ড. মোঃ আব্দুল মান্নান বলেন, “আমি এসব বিষয়ে আর কিছু বলতে চাই না, আমি চাই বিশ্ববিদ্যালয়ের পরিবেশ শান্ত থাকুক। ছাত্র সংগঠনগুলো যেন সংঘর্ষে না জড়ায়।” তিনি ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন, তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আনুষ্ঠানিক পদত্যাগপত্র দেননি বলে জানিয়েছেন রেজিস্ট্রার হাছান মিয়া।
এদিকে, ছাত্রদলের হলের সিট দখলের অপচেষ্টার প্রতিবাদে চবি ছাত্রশিবির বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে। রাত সাড়ে ৯টায় জিরো পয়েন্ট মোড় থেকে এই মিছিল শুরু হয়।
ছাত্রদল সেক্রেটারি আব্দুল্লাহ আল নোমান প্রভোস্টকে হুমকি দেওয়ার অভিযোগে একটি ফোনকলের অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এই ফোনালাপে ছাত্রদল সেক্রেটারি আব্দুল্লাহ আল নোমান একটি ছাত্রদল কর্মীকে হলে আসন বরাদ্দ দেওয়ার জন্য প্রভোস্টের সঙ্গে যোগাযোগ করেন। ওই কর্মী রাশিদুল ইসলাম, যিনি সম্প্রতি স্নাতকোত্তর পরীক্ষা দিয়েছেন।















