হোটেল সারিনা ঢাকা নতুন জেনারেল ম্যানেজার হিসেবে আন্তর্জাতিক হসপিটালিটি বিশেষজ্ঞ প্যাট্রিক বেককে নিয়োগ দিয়েছে। তিনি তিন দশকের বেশি সময়ের আন্তর্জাতিক অভিজ্ঞতা নিয়ে এ দায়িত্ব গ্রহণ করেছেন।
বুধবার (২ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে হোটেল সারিনা ঢাকা জানায়, ফরাসি নাগরিক প্যাট্রিক বেক তার কর্মজীবন শুরু করেন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর ফোর সিজনস হোটেলে। পরে তিনি উত্তর আমেরিকা, ইউরোপ, আফ্রিকা, এশিয়া ও ক্যারিবীয় অঞ্চলের বিভিন্ন বিলাসবহুল হোটেল ও রিসোর্টে নেতৃত্ব দেন। গত ১৮ বছরে তিনি নয়টি আন্তর্জাতিক প্রতিষ্ঠানে জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তার কর্মজীবনের উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে কুরাসাওয়ের টুই ব্লু বীচ রিসোর্ট অ্যান্ড স্পা, জাঞ্জিবারের সি ক্লাইফ রিসোর্ট অ্যান্ড স্পা, ইন্দোনেশিয়ার হোটেল সিপুটরা ওয়ার্ল্ড সুরাবেয়া, ডিসকোভারি কারটিকা প্লাজা হোটেল এবং হোটেল বড়বুদুর জাকাতরা। সর্বশেষ তিনি কুরাসাওয়ে টুই ব্লু-এর সমুদ্রসৈকতসংলগ্ন একটি রিসোর্টের প্রি-ওপেনিং কার্যক্রমে নেতৃত্ব দেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্যাট্রিক বেক হসপিটালিটি খাতে ক্যারিয়ার শুরু করেছিলেন একজন শেফ হিসেবে। তিনি আমেরিকান কুলিনারি ফেডারেশনের প্রশিক্ষণপ্রাপ্ত সার্টিফায়েড এক্সিকিউটিভ শেফ। পরে ফ্রান্সের লেনটোরি (একোর গ্রুপ)-এ ফুড প্রোডাকশন ও অপারেশনস পরিচালনা করেন এবং বৃহৎ কুলিনারি দলের নেতৃত্ব দেন।
হোটেল সারিনা ঢাকা জানিয়েছে, ফুড অ্যান্ড বেভারেজ, ব্যাঙ্কুয়েট পরিচালনা, আন্তর্জাতিক মানের অপারেশন এবং বৃহৎ হোটেল ব্যবস্থাপনায় তার অভিজ্ঞতা প্রতিষ্ঠানটির ব্যবসা সম্প্রসারণ ও অতিথিসেবার মান উন্নয়নে ভূমিকা রাখবে। তিনি ইংরেজি, ফরাসি ও স্প্যানিশ ভাষায় দক্ষ।
প্রতিষ্ঠানটির আশা, প্যাট্রিক বেকের নেতৃত্বে হোটেল সারিনা ঢাকা ডাইনিং, ব্যাঙ্কুয়েট ও সামগ্রিক বাণিজ্যিক কার্যক্রমে আরও এগিয়ে যাবে এবং আন্তর্জাতিক মানের সেবা প্রদানে নতুন মাত্রা যোগ করবে।






















