নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অবাঞ্ছিত ঘোষণার এক মাস পর নারায়ণগঞ্জে আসছেন। এ তথ্য নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক যুবাইর সরদার।
শনিবার (৫ সেপ্টেম্বর) ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের অংশ হিসেবে মদনপুরে আয়োজিত পথসভায় তার উপস্থিত থাকার কথা রয়েছে।
গত ১ আগস্ট নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। ওই সমাবেশে বিএনপির নেতারা পাটওয়ারীর বিভিন্ন বক্তব্যের প্রতিবাদ জানান এবং তাকে নারায়ণগঞ্জে প্রতিহত করার হুঁশিয়ারি দেন।
জেলা এনসিপির আহ্বায়ক যুবাইর সরদার জানিয়েছেন, মদনপুরের পথসভায় নাসীরুদ্দীন পাটওয়ারীর পাশাপাশি বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ও চিফ হুইপ নাহিদ ইসলামও উপস্থিত থাকবেন।
লংমার্চ ও পথসভা ঘিরে প্রশাসনের সহযোগিতা কামনা করে যুবাইর সরদার বলেন, ‘আমাদের মধ্যে কোনো ধরনের শঙ্কা বা ভয় নেই।’ তিনি আশা প্রকাশ করেন যে, স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় সহযোগিতা করবে।
এদিকে, নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঘিরে আগের রাজনৈতিক উত্তেজনার পর এবার তার নারায়ণগঞ্জ সফরকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আগ্রহ তৈরি হয়েছে।























