প্রধানমন্ত্রী তারেক রহমান ও সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির অভিযোগে সিফাত আবদুল্লাহকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে তরুণ রাজনীতিক তাসনিম জারা প্রশ্ন তুলেছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তাসনিম জারা বলেন, সিফাতের ভাষা ভদ্র ছিল না, তবে প্রশ্নটি ভদ্রতার নয়। তিনি উল্লেখ করেন, সিফাতকে অভদ্রতার জন্য গ্রেপ্তার করা হয়নি, বরং সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।
এর আগে, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে গাজীপুর মহানগরের গাছা এলাকা থেকে সিফাত আবদুল্লাহকে আটক করা হয়। তিনি বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার দাবি করে প্রধানমন্ত্রীসহ সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের ফেসবুকে গালিগালাজ করেছিলেন। পরে শুক্রবার তাকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
ফেসবুক পোস্টে তাসনিম জারা আরও বলেন, গ্রেপ্তারের বিরুদ্ধে যারা লিখছেন, তাদের মন্তব্যে গালির বন্যা দেখা যাচ্ছে। তিনি অভিযোগ করেন, ক্ষমতাসীনদের বিরুদ্ধে গালি দিলে সেটি অপরাধ, কিন্তু অন্যদের বিরুদ্ধে দিলে তা গ্রহণযোগ্য।
তাসনিম জারা সরকারের উদ্দেশে বলেন, তারা একটি তালিকা তৈরি করে দিন, যাতে জানা যায় কী কী লিখলে পুলিশ আসবে। তিনি সিফাতের অবিলম্বে মুক্তি দাবি করেন এবং সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনের আহ্বান জানান।
সিফাতের ফেসবুক আইডিতে একটি ভিডিওতে দেখা যায়, তিনি বিদ্যুৎ বিল নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন। ভিডিওতে তিনি দাবি করেন, চলতি মাসে তার বাসায় চার হাজার ও আগের মাসে পাঁচ হাজার টাকা অতিরিক্ত বিদ্যুৎ বিল এসেছে।

























