ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ) আজ শনিবার রাজধানীর আশকোনায় হজ অফিসে ‘সরকারি মাধ্যমের হজ গাইড পুরস্কার প্রদান অনুষ্ঠান-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে বলেন, মানুষের মন জয় করতে হলে শুধু বক্তৃতার মাধ্যমে নয়, বরং দায়িত্বশীলতা ও আন্তরিকতার মাধ্যমে কাজ করতে হবে।
তিনি হজ ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান, হাজীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে আরও আন্তরিক ও দায়িত্বশীল হতে। ধর্মমন্ত্রী বলেন, হজ ব্যবস্থাপনার সাফল্য শুধুমাত্র হাজীদের নিবন্ধন বা সৌদি সরকারের সঙ্গে চুক্তির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং হাজীদের নিরাপদে সৌদি আরবে পৌঁছানো এবং দেশে ফিরিয়ে আনার বিষয়টিও গুরুত্বপূর্ণ।
মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান হজ ব্যবস্থাপনার কার্যক্রম সুন্দরভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। তিনি সৌদি হজ মন্ত্রীর সঙ্গে তার সাক্ষাতের কথা উল্লেখ করে বলেন, সৌদি মন্ত্রী বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করেছেন।
হাজীদের জন্য এক লাখ বোতল পানি বিনামূল্যে সরবরাহ এবং নারী হাজীদের জন্য পৃথক টয়লেটের ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি। ধর্মমন্ত্রী বলেন, সরকারি ব্যবস্থাপনায় কোনো হাজীর লাগেজ হারায়নি।
হজযাত্রীদের সেবায় সংশ্লিষ্টদের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, পুলিশ, ইমিগ্রেশন, বিমান ও অন্যান্য সংস্থার সদস্যরা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করেছেন। ধর্মমন্ত্রী একটি ঘটনার উদাহরণ দিয়ে বলেন, শেষ মুহূর্তে দুই হাজযাত্রীকে সৌদি আরবে পাঠানোর জন্য তিনি নিজে টিকিটের টাকা পরিশোধের প্রতিশ্রুতি দেন।
তিনি বলেন, হজ গাইডদের আরও দায়িত্বশীল ও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ভালো কাজের স্বীকৃতি হিসেবে গাইডদের পুরস্কৃত করা হচ্ছে এবং ভবিষ্যতে আরও সুযোগ বাড়ানো হবে।





















