ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শাখা শিবিরের এক নেতাকে ছাত্রদলের এক কর্মীর থাপ্পড় দেওয়ার ঘটনা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের করিডোরে এই ঘটনা ঘটে, যাতে উভয়পক্ষের অন্তত দুজন আহত হয়েছেন।
ঘটনার সময় অভিযুক্ত ছাত্রদল কর্মী আলিনূর রহমান হলের করিডোরে শিবির নেতা কাজী জুহায়েরকে থাপ্পড় দেন। তবে থাপ্পড় দেওয়ার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে সুনির্দিষ্ট তথ্য জানা যায়নি।
এ ঘটনার পর শিবিরের নেতাকর্মীরা অভিযুক্ত ছাত্রদল কর্মীকে তার কক্ষ থেকে বের করে আনতে গেলে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ছাত্র-উপদেষ্টা ও হল প্রভোস্টের উপস্থিতিতে উভয়পক্ষ আলোচনায় বসে।
আলোচনার সময় উত্তেজনা সৃষ্টি হলে ছাত্রদলের নেতারা হল থেকে বেরিয়ে যান। পরে ছাত্রদলের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান নেন, যেখানে স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত হলে সংঘর্ষের ঘটনা ঘটে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করি এবং পুলিশের সহযোগিতায় অভিযুক্তকে নিরাপদে প্রক্টর অফিসে নিয়ে আসি।’
কুষ্টিয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ বলেন, ‘দুই পক্ষের মাঝে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তবে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসেছে।’





















