অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) রাজ্য সংসদ নির্বাচনে ম্যাকুয়ারি ফিল্ডস আসনে সংসদ সদস্য (এমপি) হওয়ার জন্য বাংলাদেশি বংশোদ্ভূত মোহাম্মদ ইব্রাহিম খলিল মাসুদ আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা করেছেন।
শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিডনির মিন্টোস্থ রন মুর কমিউনিটি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি কমিউনিটি ভয়েস অব অস্ট্রেলিয়ার প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন। অনুষ্ঠানে আদিবাসী নৃত্য পরিবেশন ও অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে কার্যক্রম শুরু হয়।
মাসুদ খলিল তার বক্তব্যে স্থানীয় মানুষের সমস্যা ও অধিকার তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে স্থানীয় কমিউনিটির পাশে থেকে কাজ করছেন এবং রাজ্য সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পেলে মানুষের দাবি আরও জোরালোভাবে তুলে ধরতে চান।
মোহাম্মদ ইব্রাহিম খলিল মাসুদ স্থানীয় সরকার ও বহুসাংস্কৃতিক কমিউনিটিতে সক্রিয়ভাবে কাজ করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন এবং অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছেন।
ম্যাকুয়ারি ফিল্ডস আসনে উল্লেখযোগ্যসংখ্যক বাংলাদেশি বসবাস করেন, ফলে মাসুদের প্রার্থিতা বাংলাদেশি-অস্ট্রেলিয়ানদের প্রতিনিধিত্বের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করেছে। তিনি সকলের সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করেছেন।

























