রাজধানীর উত্তরা ৩ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের পাকার মাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করার অভিযানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ দর্শী চাকমা হেনস্তার শিকার হয়েছেন। বুধবার (৪ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, অভিযানের সময় অতীশ দর্শী চাকমার সঙ্গে থাকা এক ব্যক্তি জরিমানার পরিমাণ কমিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে এক দোকানির কাছ থেকে দেড় হাজার টাকা নেন। পরে ওই টাকা উদ্ধার করা হয়েছে বলেও দাবি করেন ব্যবসায়ীরা।
এ ঘটনার পর স্থানীয় লোকজন ও ব্যবসায়ীরা ম্যাজিস্ট্রেটকে ঘিরে ধরে শারীরিকভাবে হেনস্তা করেন। উত্তরা পশ্চিম থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়।
ডিএনসিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ দর্শী চাকমার পক্ষ থেকে অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর জানান, ম্যাজিস্ট্রেট ফুটপাত উচ্ছেদে অভিযান চালাতে গিয়েছিলেন এবং জরিমানার রসিদ নিয়ে দোকানিদের সঙ্গে কথা-কাটাকাটি হয়।
ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, তিনি বিষয়টি জানেন এবং ঘটনার বিস্তারিত জানতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব দিয়েছেন। অতীশ দর্শী চাকমা ডিএনসিসির স্থায়ী ম্যাজিস্ট্রেট নন, তিন মাসের জন্য নিয়োগ পাওয়া ১০ জন ম্যাজিস্ট্রেটের একজন।























