সরকারি কর্মকর্তাদের মাসিক গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা ৫০ হাজার টাকা থেকে কমিয়ে ২৫ হাজার করার প্রস্তাব প্রত্যাহার করা হয়েছে। ফলে আগের মতোই মাসিক ৫০ হাজার টাকার ভাতা বহাল থাকবে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, ভাতা কমানোর প্রস্তাব নিয়ে গত এক সপ্তাহ ধরে অর্থ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের মধ্যে চিঠি চালাচালি হয়েছে। এ নিয়ে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে অসন্তোষও দেখা দেয়।
এর আগে ৯ জুলাই অর্থ মন্ত্রণালয় ভাতা অর্ধেকে নামানোর প্রস্তাব দিয়েছিল। তবে সর্বশেষ সিদ্ধান্তে অর্থ বিভাগ জনপ্রশাসন মন্ত্রণালয়কে ওই প্রস্তাবের বিষয়ে আর কোনো কার্যক্রম না চালানোর নির্দেশ দিয়েছে।
এই সুবিধা শুধু বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের জন্য নয়, বিচার বিভাগ, নির্বাচন কমিশন এবং সশস্ত্র বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারাও এই ভাতা পেয়ে থাকেন।
এদিকে, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় সশস্ত্র বাহিনী বিভাগ, নির্বাচন কমিশন, জুডিশিয়াল সার্ভিসসহ সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক হওয়ার কথা ছিল, তবে তা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র।

























