স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সহযোগিতায় জাগো ফাউন্ডেশনের তত্ত্বাবধানে ১৫ জন শিশুকে নিয়ে একটি ইন্টারঅ্যাকটিভ আর্ট ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুলাই) ঢাকার উত্তরায় গ্যালারি কায়ার আয়োজনে এ কর্মশালার মূল উদ্দেশ্য ছিল শিশুদের শিল্পচর্চার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া এবং তাদের সৃজনশীলতা বিকাশে উৎসাহিত করা।
এই উদ্যোগের ধারাবাহিকতায় আগামী ১১ ও ১২ জুলাই অংশগ্রহণকারী শিল্পীরা মধুপুরে গারো সম্প্রদায়ের সদস্যদের নিয়ে ইন্টারঅ্যাকটিভ আর্ট সেশনের আয়োজন করবেন। এসব আয়োজনের মাধ্যমে গারো জনগোষ্ঠীর জীবনধারা, সংস্কৃতি ও ঐতিহ্যকে উদযাপন করা হবে। স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ এই কর্মশালার মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন এবং প্রান্তিক জনগণের কাছে শিল্পচর্চার সুযোগ পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
আজকের কর্মশালাটি পরিচালনা করেন ভারতের খ্যাতনামা শিল্পী চন্দ্র ভট্টাচার্য। এ সময় প্রখ্যাত শিল্পী অতীন বসাকসহ আরও কয়েকজন শিল্পী শিশুদের সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন সৃজনশীল কার্যক্রমে অংশ নেন। শিশুদের শিল্পীদের সঙ্গে সরাসরি মতবিনিময় এবং নিজেদের ভাবনা প্রকাশের সুযোগ তৈরি হয়।
এই উদ্যোগের অংশ হিসেবে চন্দ্র ভট্টাচার্যের শিল্পকর্ম নিয়ে একটি প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে, যা আগামী ১০ জুলাই গ্যালারি কায়ায় উদ্বোধন হবে। প্রদর্শনীটি ২১ জুলাই পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. এনামুল হক বলেন, ‘আমরা বিশ্বাস করি, একটি শিশুর বিকাশে সৃজনশীলতা, কল্পনাশক্তি এবং মানসিক সুস্থতারও সমান গুরুত্ব রয়েছে। গ্যালারি কায়ার সঙ্গে এই উদ্যোগের মাধ্যমে শিল্পের আনন্দ ও সম্ভাবনা পৌঁছে দিতে পেরে আমরা আনন্দিত।’


























