ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ হল সংসদের সহসাধারণ সম্পাদক (এজিএস) ইব্রাহীম খলিলের কক্ষে দুই বহিরাগত অতিথির বিরুদ্ধে সমকামী কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর ক্যাম্পাসে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। হল প্রশাসন ইব্রাহীম খলিলের আবাসিক সিটটি সাময়িকভাবে বাতিল ঘোষণা করেছে এবং পুরো বিষয়টি তদন্তের সিদ্ধান্ত নিয়েছে।
শনিবার সন্ধ্যায় বিতর্কিত ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায়, গত ২৭ জুলাই খলিলের কক্ষে উপস্থিত দুই যুবক অনৈতিক কর্মকাণ্ডের কথা স্বীকার করছেন। ভিডিওতে তাদের ক্ষমা চাইতেও দেখা যায়। ইব্রাহীম খলিলের রুমমেট অনয় চৌধুরী দাবি করেন, ওই দিন খলিলের কক্ষে এসে ওঠেন দুই অতিথি এবং তাদের আপত্তিকর অবস্থায় পাওয়া যায়।
ইব্রাহীম খলিল ফেসবুকে এক বার্তায় জানান, তিনি ঘটনাটি জানতেন না এবং মানবিক কারণে পরিচিতদের কক্ষে থাকার অনুমতি দিয়েছিলেন। তিনি ঘটনার সময় কক্ষে ছিলেন না এবং অপরাধীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপে সহায়তার প্রতিশ্রুতি দেন।
অভিযোগ সম্পর্কে নিশ্চিত হতে খলিল একটি অডিও কল রেকর্ড সরবরাহ করেন, যেখানে এক অতিথি 'শয়তানের ধোঁকা'য় পড়ে অপরাধে লিপ্ত হতে যাচ্ছিলেন বলে উল্লেখ করেন। তিনি জানান, কাজ শেষ করার পূর্বেই রুমমেট দেখে ফেলায় তা ভেস্তে যায়।
হল প্রশাসনের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. আমিনুল ইসলাম ভূইয়া জানান, তদন্ত কমিটি গঠনের মাধ্যমে সত্যতা যাচাই শেষে চূড়ান্ত পদক্ষেপ নেওয়া হবে। এদিকে, শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ায় প্রতিবাদে শনিবার রাতে হলের পুকুরপাড়ে মিছিল ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

























