হেফাজতে ইসলাম বাংলাদেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ৯ দফা দাবি জানিয়েছে। এসব দাবির মধ্যে মহান আল্লাহ, রাসুল (সা.), পবিত্র কোরআন ও ইসলাম ধর্মের অবমাননা রোধে সর্বোচ্চ শাস্তির বিধান রেখে আইন পাসের প্রস্তাব রয়েছে। এছাড়া ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরসহ বিভিন্ন ঘটনায় জড়িতদের বিচার এবং কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের মাস্টার্সের সমমানের স্বীকৃতি দ্রুত কার্যকর করার দাবি করা হয়েছে।
রোববার (৯ আগস্ট) চট্টগ্রামের ফটিকছড়িতে আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎকালে এসব দাবি জানানো হয়। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল, স্থানীয় সংসদ সদস্য সরোয়ার আলমগীর এবং হেফাজতে ইসলামের মহাসচিব সাজিদুর রহমান উপস্থিত ছিলেন।
হেফাজতে ইসলামের মহাসচিব সাজিদুর রহমানের দেওয়া অভিনন্দনপত্রে প্রধানমন্ত্রীর কাছে এসব দাবি তুলে ধরা হয়। এতে প্রধানমন্ত্রীর ফটিকছড়ি সফরকে দ্বীন ও রাষ্ট্রের মেলবন্ধনের একটি অনন্য স্মারক হিসেবে উল্লেখ করা হয়।
হেফাজতের ৯ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো: ইসলামী শিক্ষার বাধ্যতামূলক শিক্ষা, কাদিয়ানী সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা, পার্বত্য চট্টগ্রামে মিশনারিদের অপতৎপরতা বন্ধ করা এবং আলেমদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করা।
অভিনন্দনপত্রের শেষে প্রধানমন্ত্রীর সফর সফল ও নিরাপদ হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করা হয় এবং তার নেতৃত্বে বাংলাদেশকে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য প্রার্থনা করা হয়।




















