চট্টগ্রাম নগরীর হালিশহর উত্তর আগ্রাবাদ রমনা আবাসিক এলাকায় বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়ের যুগ্ম পরিচালক মোহাম্মদ ছায়েদুর রহমানের (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে তাঁর নিজ বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের সহকর্মীদের সূত্রে জানা গেছে, বুধবার বিকেল ৬টা পর্যন্ত তিনি অফিসে স্বাভাবিকভাবে দায়িত্ব পালন করেন এবং সহকর্মীদের সঙ্গে মিটিং করেন। এ সময় তিনি হাসিখুশি ও স্বাভাবিক ছিলেন। সন্ধ্যার দিকে তিনি বাসায় ফেরেন, কিন্তু তাঁর স্ত্রী নাতিকে নিয়ে ডাক্তারের কাছে ছিলেন।
পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, ছায়েদুর রহমান স্ত্রীকে ফোন করে দ্রুত বাসায় ফিরতে বলেন। স্ত্রী বাসায় ফিরে দেখেন, তিনি ফ্যানের সাথে গলায় রশি পেঁচানো ঝুলন্ত অবস্থায় আছেন। স্থানীয়রা পুলিশ ও জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দিলে হালিশহর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদিন মণ্ডল জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে এবং মূল কারণ উদঘাটনে তদন্ত চলছে।























