দেশে ব্যবসা-বাণিজ্য সহজীকরণের লক্ষ্যে ট্রেড লাইসেন্স প্রদান ব্যবস্থায় পরিবর্তনের পরিকল্পনা ঘোষণা করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, ব্যবসা পরিচালনায় অপ্রয়োজনীয় প্রতিবন্ধকতা দূর করতে হবে।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে সচিবালয়ের অর্থ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় মন্ত্রী এ কথা বলেন। বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রী জানান, বর্তমানে ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনভেদে পৃথকভাবে ট্রেড লাইসেন্স ইস্যু করা হয়। এ প্রক্রিয়াকে একটি সমন্বিত অনলাইন পোর্টালের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে ব্যবসায়ীরা ঘরে বসেই প্রয়োজনীয় কাগজপত্র দাখিল, আবেদন ও নির্ধারিত ফি পরিশোধের মাধ্যমে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে পারবেন।
এছাড়া, বিদেশি কর্মীদের নিরাপত্তা ছাড়পত্র নবায়নের প্রক্রিয়া সহজ করার আহ্বান জানান তিনি। বাণিজ্যমন্ত্রী বলেন, বিদেশি নাগরিকরা বাংলাদেশে বৈধ প্রতিষ্ঠানের অধীনে কাজ করেন এবং তাদের আবেদন ও প্রয়োজনীয় প্রত্যয়ন দেওয়ার পরও নিরাপত্তা ছাড়পত্রের নবায়ন প্রক্রিয়ায় জটিলতা সৃষ্টি করা গ্রহণযোগ্য নয়।
সভায় ব্যবসা পরিচালনার ব্যয় হ্রাস, অপ্রয়োজনীয় নিয়ন্ত্রণ ও বিধিনিষেধ প্রত্যাহার, প্রশাসনিক প্রক্রিয়া সহজীকরণ এবং বিনিয়োগের অনুকূল পরিবেশ নিশ্চিত করার বিভিন্ন উদ্যোগ পর্যালোচনা করা হয়। সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সভাপতিত্ব করেন।


























