পটুয়াখালীর রাঙ্গাবালীতে দ্বিতীয় স্ত্রী ফারহানা ইয়াসমিন শিলার রহস্যজনক মৃত্যুর ঘটনায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাসেল মাহমুদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্বজন ও এলাকাবাসী। সোমবার (২ নভেম্বর) দুপুরে বিক্ষোভ মিছিল নিয়ে থানার সামনে অবস্থান নিয়ে থানা ঘেরাও করেন তারা।
বিক্ষোভকারীরা হত্যার অভিযোগ এনে মামলা গ্রহণ ও অভিযুক্ত রাসেলকে গ্রেফতারের দাবি জানান। নিহত শিলার পরিবার অভিযোগ করেছেন, পুলিশ অপমৃত্যুর মামলা নথিভুক্ত করেছে, যদিও তারা হত্যা মামলা করতে চেয়েছিলেন।
শিলার ছোটভাই রাইসুল ইসলাম কমল অভিযোগ করেন, বিয়ের পর থেকেই রাসেল মাহমুদ শিলাকে নির্যাতন করতেন এবং জমি ও টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা করতেন। তিনি দাবি করেন, শিলার মৃত্যু স্বাভাবিক নয় এবং পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।
শিলার প্রথম ঘরের মেয়ে লাবিবা আক্তার (১১) অভিযোগ করেন, তার বাবা রাসেল বিভিন্নভাবে তার মাকে নির্যাতন করতেন। তিনি জানান, এসব নির্যাতনের কারণে তার মায়ের মৃত্যু হয়েছে অথবা পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
রাঙ্গাবালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইলিয়াস হোসেন মুন্সি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


























