চট্টগ্রাম বিভাগ ছাড়া দেশের অন্যান্য এলাকায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।
রোববার (১২ জুলাই) সন্ধ্যায় শিক্ষা বোর্ডগুলোর মোর্চা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আক্তারুজ্জামান।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, সিলেট, বরিশাল, দিনাজপুর, ময়মনসিংহ শিক্ষা বোর্ড এবং চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলা ছাড়া অন্য সব জেলায় মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নির্ধারিত তারিখ ও সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
এছাড়া, ১৩, ১৫ ও ১৬ জুলাই চট্টগ্রাম শিক্ষা বোর্ড ও এ বিভাগের পাঁচ জেলায় মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত থাকবে।
গত শনিবার চট্টগ্রাম অঞ্চলে টানা বৃষ্টি ও বন্যার কারণে এইচএসসি ও সমমানের সব পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, পরীক্ষা নেওয়া বা স্থগিতের সিদ্ধান্ত জেলা প্রশাসক, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আবহাওয়া অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে নেওয়া হবে।


























