এইচএসসি পরীক্ষার্থীদের ঘোষিত ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর নীলক্ষেত ও সায়েন্সল্যাব এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার দুপুর থেকে এই এলাকায় অতিরিক্ত পুলিশ ও বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) দুপুর ১২টার দিকে সরেজমিনে দেখা যায়, নীলক্ষেত মোড়ে এক প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দায়িত্ব পালন করছে। একই সময়ে সায়েন্সল্যাব মোড়ে ৫০ জনেরও বেশি পুলিশ সদস্য পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
নিউমার্কেট থানার ডিউটি অফিসার এস আই মাহাবুবুর রহমান ইত্তেফাক ডিজিটালকে জানান, শিক্ষার্থীদের লংমার্চ কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
এদিকে, আন্দোলনের কর্মসূচি থাকলেও বুধবার দেশের ৫৯ জেলায় পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
পরীক্ষা শেষে রাজধানীসহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের কর্মসূচি অনুযায়ী, ঢাকার বিভিন্ন স্থান থেকে শিক্ষার্থীরা সমবেত হয়ে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে লংমার্চ করবেন।
আন্দোলনকারীরা জানিয়েছেন, উত্তরার বিএনএস সেন্টার, শাহবাগ, সায়েন্সল্যাব এবং মগবাজারে প্রথমে তারা জড়ো হবেন। পরে সেখান থেকে একযোগে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে লংমার্চ শুরু করবেন।




















