বর্তমান সরকার সঠিক ও পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৫ জুলাই) বিকেলে জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলামের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অধিবেশনে আনোয়ারুল ইসলাম প্রশ্ন করেন, অতীতে দেখা গেছে, সরকারে থাকা দলীয় কিছু লোকদের মুক্তিযোদ্ধার তালিকাভুক্ত করা হয় এবং সরকার পরিবর্তনের পর নতুন সরকার সেই তালিকা থেকে কিছু ছাঁটাই করে। তিনি জানতে চান, স্বাধীনতার ৫৫ বছর পরও প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা জাতির সামনে প্রকাশ করার কোনো পরিকল্পনা আছে কিনা।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গঠিত দল এবং তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি উল্লেখ করেন, স্বাধীনতার পর সঠিক ও নিরপেক্ষ মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি করা হয়নি এবং বিভিন্ন সময়ে এ তালিকা তৈরিতে সমস্যা তৈরি হয়েছে। তবে বর্তমানে সরকার বিশেষজ্ঞদের নিয়ে একটি পূর্ণাঙ্গ ও সঠিক মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি করার চেষ্টা করছে।




















