ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী সোনু নিগম সম্প্রতি হাসপাতালের অস্ত্রোপচার কক্ষে গান গাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি দেখে ভক্তদের মধ্যে কৌতূহল ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, ভিডিওতে দেখা যায়, চিকিৎসকরা অস্ত্রোপচারে ব্যস্ত থাকার সময় সোনু নিগম কিংবদন্তি গায়ক মোহাম্মদ রফির গান ‘সুহানি রাত ঢল চুকি’ গাইছেন। ১৯৪৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘দুলারী’ সিনেমার এই গানটি গাওয়ার সময় তিনি বেশ সাবলীল ছিলেন।
সোনু নিগম সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “অস্ত্রোপচারের সময় প্রিয় চিকিৎসক ও তার আন্তরিক দলের জন্য এই ক্ষুদ্র নিবেদন। যন্ত্রণার ভেতরেও গান গেয়ে যাওয়ার নামই সংগীতের আনন্দ।” তবে তিনি অস্ত্রোপচারের কারণ বা শরীরের কোন অংশে এটি হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি।
অস্ত্রোপচারের সময় গান গাওয়ার এই দৃশ্য দেখে ভক্তরা মুগ্ধতা প্রকাশ করেছেন। অনেকেই মন্তব্য করেছেন, সুরের মায়াজালে নিজের শারীরিক কষ্ট ভোলার চেষ্টা করছেন শিল্পী। সোশাল মিডিয়ায় তার দ্রুত আরোগ্য কামনা করে অনেক বার্তা জমা পড়ছে।
গত জুন মাসে সোনু নিগম তার স্নায়ুজনিত সমস্যার কথা জানিয়েছিলেন। সে সময় প্রকাশিত একটি ভিডিওতে তার কাঁধে ব্যান্ডেজ দেখা গিয়েছিল। ধারণা করা হচ্ছে, সেই পুরনো সমস্যার সমাধান পেতেই তিনি অস্ত্রোপচারের শরণাপন্ন হয়েছেন।


























