চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ বলেছেন, সাতক্ষীরার একজন এমপির অপকর্মের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তিনি প্রশ্ন তুলেছেন, এতে আমাদের মান ইজ্জত থাকে কি? ধর্মীয় রাজনৈতিক দলের লেবাসে যারা অপরাধ করছে, তাদের বিরুদ্ধে তিনি কঠোর অবস্থান নিয়েছেন।
বুধবার (২২ জুলাই) দুপুর ১২টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের সেবা দান কার্যক্রম ডিজিটালাইজেশনে ‘হাসপাতাল অটোমেশন সিস্টেমের’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
হারুনুর রশিদ বলেন, সমাজে ব্যাভিচার ও জেনা ছড়িয়ে পড়ছে এই ধরনের অপরাধীদের কারণে। তিনি সরকারকে স্মরণ করিয়ে দেন যে, জেনা ও ব্যাভিচারের জন্য মৃত্যুদণ্ডের আইন রয়েছে। তিনি দাবি করেন, যদি এমপির বিরুদ্ধে প্রমাণ পাওয়া যায়, তাহলে তার মৃত্যুদণ্ড কার্যকর করা উচিত।
তিনি আরও জানান, জেলা পরিষদের উদ্যোগে হাসপাতালের সেবাদান কর্মসূচি ডিজিটালাইজেশন শুরু হয়েছে। আশা করা হচ্ছে, এক সপ্তাহের মধ্যে এই কার্যক্রম শেষ হবে। ডিজিটালাইজেশনের ফলে রোগীদের চিকিৎসার ইতিহাস হাসপাতালের কাছে থাকবে এবং বিভিন্ন পরীক্ষার রিপোর্ট স্বয়ংক্রিয়ভাবে ডাক্তারদের কাছে পৌঁছাবে।
এ সময় হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডা. জমির মো. হাসিবুস সাত্তার, আরএমও মাহবুব হাসান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল বারেক, মাসিদুল হক নিখিলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


























