ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লি) আসনের উপনির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে দেলাওয়ার হোসেনকে পুনরায় নির্বাচিত করেছে দলটি। একই সঙ্গে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবেও তার নাম ঘোষণা করা হয়েছে।
রোববার সকালে ঠাকুরগাঁও জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত একটি সমাবেশে আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করা হয়। দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আব্দুল হালিম এ ঘোষণা দেন।
দেলাওয়ার হোসেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি ও কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য। তিনি এর আগে ইসলামী ছাত্রশিবিরের সভাপতির দায়িত্ব পালন করেছেন। গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঠাকুরগাঁও-১ আসনে জামায়াতের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
মাওলানা আব্দুল হালিম প্রার্থী ঘোষণার সময় বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার প্রধান মাধ্যম হলো নির্বাচন। জামায়াতে ইসলামী সব ধরনের নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় পর্যায়ে ১১ দলের সিদ্ধান্ত অনুযায়ী দেলাওয়ার হোসেনকে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জোটের মনোনীত প্রার্থী করা হয়েছে।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদ সদস্য নির্বাচিত হন। পরে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। এরপর এ আসনে উপনির্বাচনের প্রক্রিয়া শুরু হয়।






















